নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। গতকাল ভোরের এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। নিহতরা সবাই মধ্যপ্রাচ্য থেকে সদ্য ফেরা ওমান প্রবাসী মো. বাহার উদ্দিনের পরিবারের সদস্য।
এছাড়া রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো সাতজন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে দুর্ঘটনার শিকার পরিবারের সদস্যরা জানান, ওমান প্রবাসী মো. বাহার উদ্দিনের দেশে ফেরা উপলক্ষে তাকে বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে আসার পথেই দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী গাড়িটি। এতে নিহত হন বাহার উদ্দিনের স্ত্রী কবিতা আক্তার (২৪), মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানি ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯) ও লামিয়া আক্তার (৮) এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামে। বাহারের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে বাহার উদ্দিন ওমান থেকে ঢাকায় পৌঁছান। পরে রাতে পরিবার ও স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাসে করে তারা ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হন। পথে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের কাছে পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, গাড়িচালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়ির ভেতর আটকে থাকা সাতজন নিহত হন। বাকি কয়েকজন নিজেরাই বের হয়ে আসেন। মরদেহগুলো উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’
সুনামগঞ্জ: জেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ থানার এসআই আনিস।
ময়মনসিংহ: জেলার গফরগাঁওয়ে যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং দুজন আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল দুপুরে গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ে সড়কে হাটুরিয়া কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার হাটুরিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মুনজু মিয়া (৪০) ও যশরা গ্রামের অহেদুল্লাহর ছেলে আলা উদ্দিন (৫০)।
ঢাকা: রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে কাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে বিকল হওয়া ডাম্প ট্রাকের পেছনে লরির ধাক্কায় মো. সাব্বির (২০) নামে ট্রাকের এক সহকারী নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লাইনের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মিরসরাই ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ আটকে থাকা নিহত সাব্বিরকে উদ্ধার করে। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এছাড়া চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।










