গোপালগঞ্জে গাউজ দাড়িয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে সদর উপজেলার খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত গাউজ দাড়িয়া সদর উপজেলার খানারপাড় গ্রামের আজিম দাড়িয়ার ছেলে।

পুলিশ জানায়, গাউজ দাড়িয়া মুদি ব্যবসায়ী ছিলেন। গতকাল সকালে খানারপাড় গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।