খুলনায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকাল পৌনে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ও চট্টগ্রামে আরো দুজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

খুলনা: খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল একটি পিকআপ। অন্যদিকে ডুমুরিয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। সকাল পৌনে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় পিকআপের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের রিনা বেগম (৩৬), বাগদাড়ি গ্রামের রুস্তম আলী খান (৬৪), ইজিবাইকের চালক খরসণ্ডা সাহস গ্রামের মুজাহিদুল ইসলাম মোড়ল (২৫) এবং একই গ্রামের হাফিজুর রহমান (৫০)।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত রিনা বেগম ও রুস্তম আলী খানকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ইজিবাইকচালক মুজাহিদুল ইসলাম মোড়ল ও হাফিজুর রহমান মারা যান। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি উদ্ধার করে। তবে পিকআপচালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

কুমিল্লা: জেলার বুড়িচংয়ে মালবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬) আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহপরান।

হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা থেকে মোটরসাইকেল নিয়ে দেবিদ্বারে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। কংশনগরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লরি সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ওই যুবক সড়কের ওপর ছিটকে পড়েন। পরে লরিচাপায় ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম: সীতাকুণ্ডে গাড়িচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস মিয়া (৮০) সীতাকুণ্ড পৌর এলাকার ইয়াকুবনগর গ্রামের বাসিন্দা।

‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানী জানান, ঘটনার কথা শুনলেও ঘটনাস্থলে কোনো মরদেহ পাওয়া যায়নি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেনি।