আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি জানাল নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ইসির এ সিনিয়র সচিব বলেন, মোট ১৪৩টি রাজনৈতিক দলকে নিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রথম পর্যায়েই ১২১টি বাদ পড়ে। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে বাছাই করা হয় ২২টি দল। তাদের মধ্য থেকে এনসিপি, আম জনগণ দল ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত করে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র আম জনগণ দলের বিরুদ্ধে আপত্তি ওঠে। বাকি দুই দলের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাদের নিবন্ধন চূড়ান্ত করা হয়েছে।
আম জনগণ দলের ব্যাপারে জানতে চাইলে সচিব জানান, দলের বিরুদ্ধে আপত্তি থাকায় তাদের বিষয়ে শুনানি ও পর্যালোচনা চলবে।
নিবন্ধন না পাওয়া অন্য দলগুলোর বিষয়ে সচিব বলেন, মোট ১৪টি দল রিভিউয়ের জন্য আবেদন করেছে। এর মধ্যে ৭টি দল প্রথম পর্যায়ে বাদ পড়া ১২১ দলের অংশ, আর বাকি ৭টি দল দ্বিতীয় পর্যায়ের ২২ দলের মধ্যে। দ্বিতীয় পর্যায়ের ৭টি দলের রিভিউ নিয়ে কমিশন কাজ করছে। এই দলগুলো হলো— বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাসদ (শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বিডি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আম জনতার দল ও জনতার দল।
রিভিউয়ের সময়সীমা নিয়ে সচিব বলেন, সব দলের পরিস্থিতি এক রকম নয়। নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। এটা তফসিলের আগে হতে পারে, আবার নাও হতে পারে। পর্যালোচনা শেষ হলেই সিদ্ধান্ত জানানো হবে।
শেষ মুহূর্তে নিবন্ধন পেলে দলগুলো পিছিয়ে পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেউ শেষ সময়ে নিবন্ধন পেলে সমান সুবিধা পাবে না। এটা বাস্তবতা।
তিনি আরো জানান, নির্বাচন পর্যবেক্ষকদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে তালিকা প্রকাশের সময় ও নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।










