সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আগুনে দগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের আরো চারজন আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ হয়ে নিহতরা হলেন জেসমিন আক্তার (৪০) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১৩)। আহতরা হলেন জেসমিন আক্তারের স্বামী ইয়াকুব মিয়া, শাশুড়ি এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ। আহতরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে মারা যান। তারা ঘর থেকে বের হতে পারেননি। এ ঘটনায় চারজন আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।