মাছধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় চলে যাওয়ার ১৫ দিনের মাথায় ট্রলারটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে (মোংলা) উদ্ধার হওয়া ওই ট্রলার ও জেলেদের নিয়ে আসা হয়। পরে ট্রলার মালিককে তার ট্রলার ও জেলেদের বুঝিয়ে দিয়েছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। উদ্ধার হওয়া মাছধরা ট্রলার মালিক ও জেলেদের বাড়ি কক্সবাজারে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, ১৫ নভেম্বর চট্টগ্রাম থেকে এফভি রানা নামের ফিসিং ট্রলারটিতে ১৯ জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ ধরার জন্য যায়। এরপর ২৩ নভেম্বর ট্রলারটি প্রফেলর ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন ধরে মাঝ সমুদ্রে ভাসার পর ভারতীয় কোস্ট গার্ড ওই ট্রলারটিকে দেখতে পায়। ৮ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড ওই ট্রলারটিকে উদ্ধার করে ৯ ডিসেম্বর ভোর ৬টার সময় বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় টহলরত কোস্ট গার্ডের জাহাজ সোনার বাংলার কাছে হস্তান্তর করেন। ১০ ডিসেম্বর দুপুরে ট্রলারটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের মোংলার পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর ফিসিং ট্রলার ও জেলেদের ট্রলার মালিক মো. রানার কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, এ ঘটনা দুটি দেশের পারস্পারিক সুসম্পর্ক শুধু জোরদারই করবে না বরং ভবিষ্যতে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পারিক সহযোগিতাও অনেকাংশে বাড়বে।