বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ার কয়েকদিন পর দেড় বছরের শিশুও করোনা আক্রান্ত হয়েছে। দিনাজপুরের সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় ওই দম্পতির বসবাস। 

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। এ নিয়ে শিশুসহ দিনাজপুরে করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১১ জনে।

আজ রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরীক্ষার রিপোর্টে ওই শিশুর করোনাভাইরাস পজেটিভ আসে। শিশুটির বাবা-মা দুজনেই নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কাজ করেন। তবে তিনজনের কোনো স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়নি বলে জানা গেছে। তারা বর্তমানে বাড়িতেই রয়েছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, কয়েকদিন আগে ওই শিশুর বাবা এবং মায়ের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। আজ শিশুটিও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে তারা সবাই সুস্থ আছে। তাদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

এ নিয়ে এখন পর্যন্ত দিনাজপুরে ১১ জন কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। তিনি বলেন, আমরা তাদের বাড়িতে রেখেই প্রাথমিক চিকিৎসা পরার্মশ ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। 

তিনি জানান, এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। আতঙ্কিত না হয়ে বরং সবাইকে সচেতন ও ঘরে থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।