পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। গত দুইদিনের ছুটির কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় যাতায়াতকারী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ফেরি পারের অপেক্ষায় আটকে পড়েছে পাঁচ শতাধিক পণ্যবোঝাই ট্রাক। এছাড়া বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। 

ঘাট কর্তৃপক্ষ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই অতিরিক্ত যানবাহন ও যাত্রীর চাপ শুরু হয়। আজ শুক্রবার সকালে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাটে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। রাতের বেলার কোচগুলো সকাল নয়টা নাগাদ পার করা হয়েছে। ব্যক্তিগত যানবাহন ও বাস পারাপার অগ্রাধিকার দেয়া হচ্ছে। আর ট্রাক পারাপার দেরি হচ্ছে। 

প্রতিটি যানবাহনকে ফেরি পার হতে সময় লাগছে দেড় থেকে দুই ঘণ্টা। পাটুরিয়ার দুইটি টার্মিনাল ও ঘাট এলাকার সড়কে পারের অপেক্ষায় আটকে থাকতে হচ্ছে পন্যবাহী কয়েকশ ট্রাককে । এতে দুর্ভোগে পড়েছে ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আবদুস সালাম জানায়, দুইদিনের ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে ঘাটে। চাপ সামলাতে ছোট বড় ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।