পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, নৌকা মার্কায় ভোট না দিলে বাংলাদেশ অতীতের মতো আবারো জঙ্গি ও সন্ত্রাসবাদীদের আস্তানায় পরিণত হবে। বিরোধীরা ক্ষমতায় এলে দেশের অবস্থা ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের মতো হবে। আওয়ামী লীগ সরকার ধর্মের উন্নয়নে কাজ করছে, মাদ্রাসায় অবকাঠামো নির্মাণ করছে, মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়িয়েছে। বিরোধীরা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগ কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না।’
গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু প্রমুখ।










