বিভিন্ন দাবিতে পাবনায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) রিডিংম্যান ও বিল সরবরাহকারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, সঠিকভাবে মিটার রিডিং না করেই মনগড়া বিল করা হচ্ছে। বিল সরবরাহকারীরাও ধর্মঘটে যোগ দেয়ায় নিয়মিত বিল না পেয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রাহকরা। সময়মতো বিল পরিশোধ করতে না পারায় জরিমানাও গুনতে হচ্ছে তাদের।

পাবনা বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, পাবনার দুটি বিক্রয় ও বিতরণ বিভাগের অধীনে প্রায় ৫০ জন কর্মচারী কর্মরত রয়েছেন। কাজ করলে বেতন, না থাকলে বেতন নেই—এমন শর্তেই তারা কর্মরত। তবে চাকরি স্থায়ীকরণের দাবিতে ১৫ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক দেন তারা। সে থেকেই গ্রাহকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

গ্রাহকদের অভিযোগ, অনেকেই কাজ ফেলে বিদ্যুৎ অফিসে এসে ধরনা দিয়ে বিল সংগ্রহ করছেন। আবার অনেকে একাধিকবার অফিসে গিয়েও বিল পাচ্ছেন না।

গ্রাহক আবু বাকের অভিযোগ করেন, তিনি তার প্রয়োজনীয় কাজ ফেলে বিল সংগ্রহের জন্য এসেছেন। হাসি খাতুন নামে অন্য এক গ্রাহক বলেন, ‘তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। বিল না পেলে পরিশোধে বিলম্ব হবে। লাইন বিচ্ছিন্ন করার আশঙ্কায় সাংসারিক কাজ ফেলে বিল সংগ্রহ করতে এসেছি। যাতে তার মেয়ের পড়ালেখায় বিঘ্ন না ঘটে। বিদ্যুৎ বিভাগের কারণে বিল না দিতে পারলে জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন বৈধ পন্থা নয়।’