২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত অর্থবিল অনুসারে, আইসক্রিম, কোল্ড ড্রিংকসের মতো ফাস্ট ফুড আইটেমের ওপর কর বাড়ছে। এসব পণ্যে ক্ষেত্র ভেদে ১০-৪০ শতাংশ পর্যন্ত কর দিতে হবে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এসব তথ্য জানান। 

তিনি জানান, সব ধরনের আইসক্রিমের ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘কার্বনেটেড বেভারেজের ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি এবং কার্বনেডেট বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার ৩৫ শতাংশের পরিবর্তে ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’

এছাড়া বিভিন্ন ধরনের জুসের ক্ষেত্রে করা বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, রাজস্ব আদায় ও করপরিপালন বৃদ্ধির লক্ষ্যে আমসত্ব (ম্যাংগো বার), ম্যাংগো জুস, আনারসের জুস, পেয়ারার জুস, তেতুলের জুস, ১-৫০ ওয়াটের বেশি ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, টিউব লাইটের (১৮ ওয়াট ও ৩৬ ওয়াট) স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার ৫ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণে প্রস্তাব করা হয়েছে।