আজ থেকে আবারো চলাচল করবে বেনাপোল এক্সপ্রেস। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। রাত ১১টা ৪৫ মিনিটে ফের ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসবে।
রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার পর থেকে আন্তঃনগর ট্রেনটির চলাচল বন্ধ ছিল। ওই রাতেই ঢাকা থেকে বেনাপোলে আসার শিডিউল বাতিল করা হয়।
বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হবে।’
গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চারজনের মৃত্যু হয়। পরদিন ট্রেনটির পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। রেলওয়ে সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।










