নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একটি প্লাস্টিকের বোতল তৈরির কারখানায় দুর্ঘটনায় এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোড়াশাল কনটেনার্স লিমিটেড নামের ওই কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সকালে কারখানাটির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ওই কর্মকর্তার নাম মো. মোশাররফ হোসেন (৪৫)। তিনি ভোলার লালমোহন উপজেলার বালুয়ার চর গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্ত্রী ও তিন সন্তান নিয়ে গাজীপুরের কাশিমপুরের এনায়েতপুর গ্রামে বসবাস করতেন তিনি। মোশাররফ কারখানাটির প্রডাকশন ম্যানেজার ছিলেন।

নিহতের স্বজন ও কারখানা সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে ওই কারখানায় প্লাস্টিকের বোতল তৈরির একটি নতুন মেশিন স্থাপন করা হয়। শনিবার বিকালে মেশিনটি উৎপাদনের জন্য উদ্বোধন করা হয়। উদ্বোধনের ৩ ঘণ্টা পর মেশিনে প্লাস্টিকের বোতল তৈরির সময় দুর্ঘটনা ঘটে। ওই সময় মোশাররফ হোসেন বোতল তৈরির কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন। এক পর্যায়ে তার মাথা ওই মেশিনে লেগে যায়।

 এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে নিয়ে গেলে রাত ৮টায় হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ জানান, কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

 এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।