বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি সুবিধা দিতে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প সংশোধনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রস্তাব অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাইলট প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত সভায় এ প্রস্তাবনা তুলে ধরা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান। বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে ছিলেন লিড ইকোনমিস্ট সৈয়দ আমির আহমেদ এবং সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান।

এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। এছাড়া যারা ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায় থাকেন, সেই অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। এসব সুবিধা যুক্ত করতে হিট প্রকল্প সংশোধন জরুরি বলে মত দেন তিনি।

বৈঠকে ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, হিট প্রকল্প বাস্তবায়নে বিশ্ব ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে। প্রকল্পটির বিভিন্ন সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তিনি বিশ্ব ব্যাংককে ধন্যবাদ জানান।

প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, এ প্রকল্পের কার্যক্রম শিক্ষার্থীদের উপকারে আসবে। প্রফেসর আনোয়ার হোসেন বলেন, আবাসিক হলে ইন্টারনেট সুবিধার অভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবাসিক সংকটে মানবেতর জীবনযাপন করছে।

বিশ্ব ব্যাংকের লিড ইকোনমিস্ট সৈয়দ আমির আহমেদ বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ। তিনি আশ্বাস দেন, ইউজিসির প্রস্তাব অনুযায়ী হিট প্রকল্পে ইন্টারনেট ও বৃত্তি সুবিধা যুক্ত করতে সংশোধন করা হবে।

হিট প্রকল্পের পরিচালক প্রফেসর আসাদুজ্জামান প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন।

উল্লেখ্য, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার ৫০ দশমিক ৯৬ শতাংশ এবং বিশ্ব ব্যাংক ৪৯ দশমিক ৪ শতাংশ অর্থায়ন করবে।