বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা পৌঁছেছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা। গতকাল সকাল ১০টায় জাহাজটি বন্দরের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। 

গতকাল দুপুর থেকে জাহাজের কয়লা খালাস শুরু হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক। গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এমভি পানাগিয়া কানালা। 

খন্দকার রিয়াজুল হক বলেন, ‘‌জাহাজ থেকে এরই মধ্যে কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে কয়লাগুলো লাইটার জাহাজে করে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে।’ 

এর আগে ১০ জুন এমভি জে হ্যায়, ২৫ জুন এমভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এসেছিল মোংলা বন্দরে।