পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফেরা মানুষদের জন্য অগ্রিম ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ১৫ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তাদের আজ টিকিট সংগ্রহ করতে হবে। এ নিয়ে ৩য় দিনের মতো ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হলো।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের অনলাইনে টিকিট সংগ্রহ করতে হচ্ছে।

টিকিট ক্রয় সহজলভ্য করতে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে। পূর্বাঞ্চলে চলাচল সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবে। তবে টিকিট রিফান্ড করা যাবে না।

এছাড়া রেলে যাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করে রেলওয়ে কর্তৃপক্ষ।এর আগে গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে৷ গত ৩০ মার্চ পর্যন্ত এ অগ্রিম টিকিট বিক্রি চলে। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।