মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ২০২৩ সালে বিশ্ব তিন কারণে সংকটের মুখে পড়বে। ডলার সংকট, করোনার প্রভাব এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গতকাল সকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাস্থ্য শিক্ষা শুদ্ধাচার ও সুশাসনবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আশঙ্কার কথা বলেন তিনি।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব ও এটুআইর এইচডি মিডিয়া সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার কামরুন নাহার, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুর হাসান বাদল, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. একেএম আমিরুল ইসলাম, পরিবার পরিকল্পনার মহাপরিচালক সাহান আরা বানু, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, উন্নয়ন নিশ্চিত করতে হলে সুশাসন এবং শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। মানুষের চরিত্রের শুদ্ধতা আনতে হবে। প্রধানমন্ত্রী এ বিষয়গুলোকে নিশ্চিত করতে কাজ করছেন। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশে স্বাধীনতার পর যতগুলো সাফল্য আছে তার মধ্যে বড় সাফল্য করোনা জয় করা।