তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুয়ালকে গতকাল দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। উপাচার্য অধ্যাপক  ড. এএফ ইমাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কর্নেল এবিএম ফারুকুজ্জামান, স্থানীয় সরকার উপপরিচালক মো. লুত্ফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কুদ্দুস ফরাজী, বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম প্রমুখ।  

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। এ বিশ্ববিদ্যালয়ের জন্য দুই লেনের সড়ক করে দিচ্ছে এলজিইডি, একাডেমিক ভবন করে দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ছাত্রাবাস করে দিচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। 

মন্ত্রী বলেন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের জন্য ডোনেশন দিচ্ছে। এ ডোনেশনের টাকা শুধু গরিব মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তির কাজে ব্যবহার করা হবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বর্তমানে যা আছে, সার্বিক ক্ষেত্রে এর চেয়ে বাড়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি। যাতে যে কেউ বলতে পারে বান্দরবান বিশ্ববিদ্যালয় মানেই সেরা বিশ্ববিদ্যালয়।

২০১৯ সালে ৭ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামের প্রথম বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন এবং পার্বত্য জেলা পরিষদের মধ্যে সমঝোতা স্মারকের ভিত্তিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।