নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে আগুনে মা ও শিশুসন্তান দগ্ধ হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খন্দকার ম্যানসন নামে ১০ তলা একটি ভবনের ষষ্ঠতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন কুলসুম বেগম (২৫) ও তার তিন বছরের ছেলে খালিদ। কুলসুম বেগমের স্বামী মো. মাসুদ একজন ব্যবসায়ী। ঘটনার সময় তিনি ফ্ল্যাটের বাইরে ছিলেন।
ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের দিকে নিয়ে গেছেন। ভবনের অন্য বাসিন্দারা বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে ঘরে জমা গ্যাস লিকেজ থেকে এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’










