জাতীয় চ্যালেঞ্জ ও দুর্যোগ মোকাবেলায় কৌশলগত নেতৃত্ব গড়ে তুলতে ক্যাপস্টোন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৩১ জুলাই) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সেনাপ্রধান বলেন, বর্তমান বিশ্বে দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব, সহযোগিতা এবং জ্ঞানভিত্তিক কৌশল গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে ক্যাপস্টোন কোর্স কৌশলগত অন্তর্দৃষ্টি বাড়াতে সহায়ক হচ্ছে।
তিনি কোর্সে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই কোর্সের মাধ্যমে গড়ে ওঠা সহযোগিতার মনোভাব জাতীয় ও পেশাগত জীবনে দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।

জেনারেল ওয়াকার-উজ-জামান জাতি গঠনের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে দেশের সব প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য গতিশীল ও সংস্কারমুখী নেতৃত্বের প্রতি গুরুত্ব আরোপ করেন। ক্যাপস্টোন কোর্সের মাধ্যমে সৃষ্ট সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে ফেলোরা পেশাগত ও জাতীয় জীবনে দীর্ঘস্থায়ী অবদান রাখবেন।
এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেন, ক্যাপস্টোন কোর্স জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বস্তুনিষ্ঠ সংলাপ ও একীভূত চিন্তাধারা বিকাশ ঘটানোর লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করছে।
তিনি উল্লেখ করেন, অংশগ্রহণকারী ফেলোরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, তা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত সংযোগ তৈরি করেছে ও দূরদর্শী নেতৃত্ব গঠনে সহায়তা করছে।
প্রসঙ্গত, ক্যাপস্টোন কোর্স ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত গুরুত্বপূর্ণ একটি কোর্স। এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সরকারি ও বেসরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিসহ সর্বমোট ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন।










