যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আমেরিকাকে গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেছেন, এ ধরনের একটি রাষ্ট্রে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর ওপর এমন হামলা দুঃখজনক।

ট্রাম্পের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে আজ রোববার (১৪ জুলাই) এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিকে ওই ঘটনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ট্রাম্পের ওপর হামলা অনভিপ্রেত ও আইনবিরোধী। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণের ঘটনায় তার মন্তব্য জানতে চাইলে সাংবাদিদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, রাজনীতিতে আমরা কোনো সংঘাত চাই না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেয়ার সময় হামলার শিকার হন তিনি। একেবারে তার কান ঘেঁষে গুলি করা হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।