মালয়েশিয়া প্রবাসী জামিল হাসান চঞ্চল (২৩)। বিয়ে করতে মাস দেড়েক আগে দেশে আসেন। গত সোমবার (৭ ডিসেম্বর) ছিল তার বিয়ের অনুষ্ঠান। আগের দিন বেলা ১১টার দিকে বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। আজ বৃহস্পতিবার সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়ায়। চঞ্চল টাঙ্গাইলের বাসাইল উপজেলার ১নং ফুলকি ইউনিয়নের আইসড়া পশ্চিমপাড়া (খালের পাড়) এলাকার ইউসুফ আলীর একমাত্র ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলকি ইউনিয়নের আউসড়া গ্রামের ইউপি সদস্য আল ইমরান আরিফ।
স্বজনরা জানায়, দেড় মাস আগে মালয়েশিয়া থেকে বাড়িতে ছুটিতে আসেন চঞ্চল। পার্শ্ববর্তী কালিহাতি উপজেলার গোলড়া গ্রামের মজনু মিয়ার প্রথম মেয়ের সঙ্গে তার বিয়ে রেজিস্ট্রি হয়। ৭ ডিসেম্বর সোমবার বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল। আগের দিন বেলা ১১টার দিকে বিয়ের কেনাকাটা শেষে মটনসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার আইসড়ায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। বাজারের পশ্চিম পাশে ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটো রিকশার সঙ্গে তার মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মটরসাইকেল থেকে ছিটকে সিএনজি অটোরিকশার সামনের গ্লাসের উপর পড়েন তিনি। মুখ ও মাথার সামনের অংশ থেতলে যায়। গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল হসপিটালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপাচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। আজ বেলা ১১টার দিকে মারা যান তিনি।










