ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিশখালি নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পেটে পোড়া দাগ রয়েছে। পুলিশ ধারণা করছে মরদেহটি অগ্নিকাণ্ডের শিকার লঞ্চ অভিযান-১০’র যাত্রী ছিলেন।

আজ সোমবার সকালে মরদেহটি সদর উপজেলার কিস্তাকাঠি এলাকার বিষখালী নদীর অংশ থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। মরদেহের পরিচয় নিশ্চিত হয়নি।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি আগুনের ঘটনার শিকার অভিযান-১০ লঞ্চের যাত্রী ছিলেন। তার পেটে পোড়া দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে আজ চতুর্থ দিনের মতো সুগন্ধা ও বিষখালী নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা।