শাহবাগ থানা পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন-চারজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।

রাকিব আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাকিব আহমেদের বাড়ি ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামে। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবার নিয়ে থাকেন রাজধানীর নিমতলী নাজিম উদ্দিন রোড এলাকায়। রাকিব বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।