ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামকে রাজশাহী নগরীর সপুরা কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

দুপুর ১টা ৫ মিনিটের দিকে নিহত পাইলটের প্রথম জানাজা রাজধানীর কুর্মিটোলায় অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হয়।

দুপুর ৩টায় রাজশাহী ক্যান্টনমেন্টের ভেতরে তার কফিনবদ্ধ মরদেহ আনা হয়। শেষবারের মতো পাইলট তৌকিরকে দেখতে ছুটে আসেন পরিবার, প্রতিবেশী ও পরিচিতরা।

এ সময় বাড়ির সামনে হাজারো লোকের সমাগম ঘটে। জনস্রোতের ভেতরে মরদেহ নামাতে না পেরে মরদেহবাহী গাড়ি জানাজার স্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে বিমানবাহিনী, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জানাজা পড়ানো হয়। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে কথা বলেন বৈমানিক সাগরের বাবা ও মামা। কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে নিজের ছেলের জন্য দোয়া চান বাবা। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্যও দুঃখ প্রকাশ করেন।

পরে বিকাল সাড়ে ৪টায় হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে জানাজার নামাজ শেষ হয়। জেলা স্টেডিয়ামে জানাজা শেষে বিকাল ৫টায় সপুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।