বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে আরো শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এ বার্তা দেন তিনি। 


নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেল বার্তায় বলা হয়, আন্তরিক শুভেচ্ছার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্ব প্রবৃদ্ধি দেখেছে। আমাদের জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরো শক্তিশালী করতে আমি একসঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছি। 


বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, টানা তৃতীয় বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিজয়ী হওয়ায় নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (জুন ৫) সন্ধ্যায় দুই নেতার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়।


এসময় নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরোও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।