সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। দেশটির নাগরিক হিসেবে এ তালিকার ৪৯তম অবস্থানে রয়েছেন তিনি। আর বিশ্বের শতকোটিপতিদের তালিকায় তার স্থান দেখানো হয়েছে ২৭৯০তম। বুধবার সন্ধ্যায় দেশটির শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী ফোর্বস। তাদের হিসাব অনুসারে, মুহাম্মদ আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার।

তবে দুই বছরের আগের চেয়ে আজিজ খানের সম্পদ কিছুটা কমেছে। ফোর্বস জানিয়েছে, সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতের ব্যবসা রয়েছে। গ্রুপটির সব ব্যবসা বাংলাদেশে। ফোর্বস জানিয়েছে, ২০১৯ সালে মুহাম্মদ আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার বিক্রি করে দেন।

কয়েক বছর ধরেই ফোর্বসের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন আজিজ খান। তালিকায় তিনি প্রথম জায়গা করে নেন ২০১৮ সালে। ২০২২ সাল থেকে তিনি ফোর্বসের বৈশ্বিক বিলিয়নেয়ার তালিকায়ও রয়েছেন। ২০২৩ সালের ফোর্বসের তালিকা অনুসারে সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের মধ্যে মুহাম্মদ আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। ২০২২ সালের তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২ নম্বরে।

দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে বসবাস করে আসছেন ব্যবসায়ী আজিজ খান। বাংলাদেশী হলেও সম্প্রতি তিনি সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন। দেশটির আইনে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই। এজন্য তাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছে।