দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি ও আতিথেয়তা কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করা সম্ভব বলে জানান তিনি।
গতকাল রাজধানীর বিমানবন্দরসংলগ্ন ক্রাউন প্লাজায় ‘গলফ হাউজ গলফ অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এ সময় ‘এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এ বিজয়ীসহ শীর্ষস্থান অর্জনকারীদের পুরস্কার দেয়া হয়। গলফ মিডিয়া প্লাটফর্ম ‘গলফ হাউজ’-এর উদ্যোগে এ ফ্ল্যাগশিপ অ্যাওয়ার্ড কার্যক্রমের আয়োজন করা হয়। আয়োজনের গণমাধ্যম সহযোগী ছিল বণিক বার্তা।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিশ্বজুড়ে স্পোর্টস ট্যুরিজম দ্রুত বাড়ছে। গলফ এর একটি গুরুত্বপূর্ণ অংশ। গলফ শুধু খেলা নয়, ব্যবসা, পর্যটন ও আন্তর্জাতিক বন্ধুত্বের ক্ষেত্রেও ভূমিকা রাখে। বাংলাদেশের গলফ কোর্স, পর্যটন সুবিধা ও আন্তর্জাতিক আয়োজন উন্নত করা গেলে দেশটি দক্ষিণ এশিয়ার আকর্ষণীয় গলফ পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে।’ তিনি বলেন, ‘গলফের সাফল্য শুধু খেলোয়াড়দের ওপর নির্ভর করে না। আয়োজক, প্রশাসক, স্পনসর ও অংশীদারদেরও এতে অবদান রয়েছে। গলফ হাউজ গলফ অ্যাওয়ার্ডস এমন একটি উদ্যোগ, যা উৎকর্ষকে সম্মান জানায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে। সরকার, বেসরকারি খাত, ক্রীড়া সংগঠন ও আতিথেয়তা শিল্পকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশীদের দর্শনার্থী, বিনিয়োগকারী ও বাংলাদেশের দূত হিসেবে দেশকে সহযোগিতায় উৎসাহিত করতে হবে। গলফ হাউজ অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশে গলফের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ।’
গলফ হাউজের প্রতিষ্ঠাতা ও এডিটর এএমএম নজরুল হোসেন বলেন, ‘বাংলাদেশে গলফের উৎকর্ষ, অবদান ও ঐতিহ্যকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যেই এ গলফ অ্যাওয়ার্ডস আয়োজন করা হয়েছে। এ পুরস্কারের মাধ্যমে যারা গলফের বিকাশে অবদান রেখেছেন, তাদের সম্মানিত করা হচ্ছে। এ পুরস্কার গলফে উৎকর্ষের জাতীয় মানদণ্ড হয়ে উঠবে। একই সঙ্গে এটি গলফে অংশগ্রহণ, অংশীদারত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এবং বাংলাদেশে এ খেলার ধারাবাহিক বিকাশে ভূমিকা রাখবে।’
গলফের উন্নয়ন, সাফল্য উদযাপন এবং সার্বিক অগ্রযাত্রায় অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্ট্র্যাটেজিক পার্টনারদের সম্মানিত করতেই এ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে দুটি ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়েছে। ‘টপ ইন্ডিভিজুয়ালস অব দ্য ইয়ার ২০২৬’-এ ব্যক্তিগত বিভাগে আজম জে চৌধুরী, আরশি হায়দার, মুসাওয়াথ শামস জাহেদী, প্রফেসর শাহিন মাহবুব হক ও সিদ্দিকুর রহমানকে সম্মাননা দেয়া হয়েছে।
এছাড়া ‘টপ স্ট্র্যাটেজিক পার্টনার্স অব দ্য ইয়ার ২০২৬’-এ প্রাতিষ্ঠানিক বিভাগে বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন, গলফ হাউজ ইকুইপমেন্ট পার্টনার অব দ্য ইয়ার-টাইটলেস্ট, গলফ হাউজ হসপিটালিটি পার্টনার অব দ্য ইয়ার-আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস, গলফ হাউজ এয়ারলাইনস পার্টনার অব দ্য ইয়ার-তার্কিশ এয়ারলাইনস এবং গলফ হাউজ ব্যাংকিং পার্টনার অব দ্য ইয়ার-সিটি ব্যাংক পিএলসিকে সম্মাননা দেয়া হয়।










