বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, গত ১৫-১৬ বছরে দেশে কোনো জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিল, তারা মানুষের জীবন-মরণের তোয়াক্কা করেনি।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগরের আলিফ জেনারেল হাসপাতাল আয়োজিত কিডনি সুরক্ষা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোহেল বলেন, গত সরকারের কাছে মানুষের কোনো প্রয়োজন ছিল না। মানুষ কী খেল, কীভাবে বাঁচল—এসব নিয়ে তাদের মাথাব্যথা ছিল না। তবে সামনে একটি ভালো ও পরিচ্ছন্ন নির্বাচন হবে বলে আশা করছি। জনগণ কখনো ভুল ভোট দেয় না। তারা সঠিক সিদ্ধান্ত নেয়।

এ সময় পাশের দেশ ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে সিনেমার নায়ক-নায়িকারা একদিন ফিল্মে নাচে, পরের দিন পার্লামেন্টে নাচে। তারা যদি বাংলাদেশে নির্বাচন করত, কেউ তাদের ভোট দিত না। কারণ, মানুষ মনে করে—তোমরা সিনেমার লোক, সিনেমাতেই থাকো।

বাংলাদেশের প্রসঙ্গে সোহেল বলেন, এখানে ফেরদৌসদের পার্লামেন্টে পাঠানো হয়েছিল। জনগণের ভোটে নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাতেই তারা সংসদে গেছেন।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ডা. মো. ফরহাদ হাসান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ডা. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. মো. ফারুক আহম্মেদ, ডা. মো. এ এফ এম মশিউর রহমান, ডা. মো. রাশেদ আনোয়ার ও ডা. মো. রেজাউল আলম।