গাজীপুরে ট্রেনের ধাক্কায় একটি ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ, মাদারীপুর, বগুড়া ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
গাজীপুর: মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ডাম্প ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।
নিহতরা হলেন ঢাকার আব্দুল্লাহপুরের কামারপাড়া এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকচালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার উজ্জ্বল হোসেন (৩৭)।
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে ট্রাকচাপায় শেখ ফরিদ (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। ফরিদ নেত্রকোনার মোহনগঞ্জ থানার পালগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে।
মাদারীপুর: শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মশিউর রহমান (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দরখোলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান বরিশালের বুড়িরহাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
বগুড়া: জেলার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নারী (২৫) নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোকামতলা বন্দরে ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। বগুড়ার নন্দীগ্রাম কুন্দরহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ: সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। নিহত বেলাল হোসেন (৫৮) ঘোড়াচড়া গ্রামের মফিজ উদ্দিন প্রমাণিকের ছেলে।










