কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের অবহেলায় বিদ্যুতায়িত হয়ে এক লাইনম্যানের মৃত্যুর ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল সকালে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

বরখাস্তরা হলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এনামুল হক, এজিএম মহিদুল ইসলাম মেহেদী, জুনিয়র প্রকৌশলী আরিফুল ইসলাম ও লাইনম্যান মনির হোসেন।

জানা যায়, গত ১১ মার্চ বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে কাজ করা সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান লাইনম্যান ডিলু মিয়া। তার মরদেহ খুঁটিতেই ঝুলে ছিল। প্রায় ঘণ্টাখানেক পর মিরপুরের ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) রঞ্জন কুমার ঘোষকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রাথমিক তথ্যে বলা হয়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ বন্ধ নিশ্চিত না করেই লাইনম্যান ডিলু মিয়াকে মেরামত কাজ করতে খুঁটির ওপরে ওঠানো হয়। এতে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। এ প্রাথমিক তথ্যের আলোকে তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান জিএম সোহরাব।

সোহরাব আলী বিশ্বাস জানান, ঘটনার তদন্ত চলছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে দু-চারদিন লাগতে পারে। তিনি বলেন, দোষীদের কোনো ছাড় দেয়া হবে না।