ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। গতকাল সকাল থেকেই হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর সরকারি ডি.জে মডেল হাই স্কুল কেন্দ্রে দুপুরে ভোট দিতে আসেন হিন্দু সম্প্রদায়ের এক বৃদ্ধা। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘অনেক দিন পর ভোট দিলাম, খুব আনন্দ লাগছে। গতবার ভয়ের কারণে ভোট দিইনি। এবার তেমনটা দেখিনি।’

এবারের নির্বাচনে শুরু থেকেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। বিশেষত বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ফলে ভোটের দিন অনেকটা নির্ভার হয়েই ভোট দেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।