জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন রায় ঘোষণা চলছে। এ রায়কে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে উল্লেখ করে এসব পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের অপচেষ্টা চলছে। তিনি জানান, সরকার এসব অপচেষ্টা প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত।

নিজের বাসায় হামলার ঘটনা নিয়ে তিনি আতঙ্কিত নন উল্লেখ করে বলেন, বিভিন্ন জায়গায় আগুন লাগানোর ঘটনা ঘটছে এবং প্রাণহানি হয়েছে। এখন এসবই তাদের মূল উদ্বেগ।

তিনি আরো বলেন, অপ্রত্যাশিত পরিস্থিতি ঠেকাতে সরকার আগেই প্রস্তুতি নিয়ে রেখেছে। যারা অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে, তারা পরিস্থিতিকে সেই পর্যায়ে নিতে পারবে না।