শিলাস্তি রহমান, শিমুল ভূঁইয়া ও ফয়সাল আলী সাজীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা তিনজনই ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার আসামি। গতকাল তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আটদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে রিমান্ড আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর। সেখানে তিনি উল্লেখ করেন, হত্যার উদ্দেশ্যে ভারতের পশ্চিমবঙ্গে এমপি আজীমকে অপহরণ করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে এ অপরাধ সংঘটিত করেন। আসামিরা হত্যার বিস্তারিত বর্ণনা দিলেও এখনো মরদেহ উদ্ধার করা যায়নি। মরদেহের সন্ধানে দুই দেশেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে শিলাস্তি রহমান, শিমুল ভূঁইয়া ও ফয়সাল আলী সাজীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে মরদেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। আবেদনের শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি এমপি আজীমের মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রাখতে নির্দেশ দেন। গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের প্রথম দফায় আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।










