দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে কক্সবাজার, গোপালগঞ্জ, ফেনী ও খুলনায় এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া মাদারীপুরে শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কক্সবাজার: জেলার চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আজিম (৪২) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বউঘাটা এলাকার বাসিন্দা। আহত মুবিনা আক্তার (১৯) নুরুল আজিমের ভাতিজি। তাকে কক্সবাজারের ঈদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান জানান, মোটরসাইকেল ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মাইক্রোবাসের চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

গোপালগঞ্জ: মোটরসাইকেলে বাসের ধাক্কায় দুই সহোদর নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭)। সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান, রাতে গোপালগঞ্জ শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে দুই ভাই গ্রামের বাড়ি খাগাইলে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে তাদের মোটরসাইকেল ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া পৌঁছলে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। সে সময় মোটরসাইকেল থেকে দুই ভাই ছিটকে পড়েন। মোটরসাইকেল আরোহী দুলাল আমিন খান ঘটনাস্থলেই মারা যান। আহত মোটরসাইকেল চালক রুহুল আমিন খানকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা ও বিসিক-সংলগ্ন দেবিপুর গ্যাস পাম্পের সামনে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে মোটরসাইকেলে ফেনীর দিকে যাচ্ছিলেন শাহীন (২১) ও ইউনুস (২২)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথায় গেলে একটি গাড়ির ধাক্কায় দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে ফেনীর দেবিপুরে কাভার্ড ভ্যান ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের চালক শাহ আলম নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের সাত যাত্রী। শাহ আলম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়াকান্দি সাতকানিয়া ভবের চরের হয়রত আলীর ছেলে।

খুলনা: জেলার তেরখাদায় ট্রলির ধাক্কায় মফিজ মোল্লা (৩২) নামে ইজিবাইকের এক চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি এলাকায় রাজুর চা দোকানের সামনে তেরখাদা-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজ গোপালগঞ্জের হরিদাসপুর গ্রামের বাসিন্দা।

তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। মফিজ মোল্লার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

মাদারীপুর: শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। সংঘর্ষের পর ঢাকামুখী লেনে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচ্চরে ঘটে এ দুর্ঘটনা।

শিবচর হাইওয়ে থানার ওসি জ‌হিরুল ইসলাম জানান, সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস। পাঁচ্চরে এসে বাস‌টির নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় বাসটি সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে আহত হন পাঁচজন। পরে গোল্ডেন লাইন পরিবহনকে পেছনে টুঙ্গিপাড়া এক্স‌প্রেস, সাকুরা প‌রিবহন ও নড়াইল এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে আহত হন আরো ১৫ জন।