মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা যাত্রীবাহী বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তিনি বাসের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কা। এছাড়া গজারিয়ায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ময়মনসিংহের গৌরীপুর থেকে অন্তত ৫৫ জন যাত্রী নিয়ে গতকাল ভোরে ফরিদপুরে জাকের পার্টির দরবার শরীফে যাচ্ছিল আলিফ আলিফা পরিবহনের একটি বাস। পথে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় পৌঁছলে বাসের পেছনের চাকা ফেটে যায়। চালক মেরামতের জন্য বাসটি সড়কে থামালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী আব্দুল কুদ্দুস চাঁন মিয়া (৭০)। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, নিহত চাঁন মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানায়। আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় রেফার করা হয়েছে। কয়েকজনকে ভর্তি করা হয়েছে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর মিয়া (৪৪) উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী অহিদ মিয়ার ছেলে। তিনি পুলিশের টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন। কর্মস্থলে থেকে নিজ গ্রাম রসুলপুর ফিরছিলেন।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন জানান, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলে ধাক্কা দেয়া গাড়িটি শনাক্ত করা হচ্ছে।

এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট জাহানাবাদ এলাকার বাসিন্দা মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৮) ও একই এলাকার মৃত মো. কাসেমের ছেলে মোহাম্মদ জুয়েল (২৯)। তাদের মধ্যে আরিফ ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন।

স্থানীয়রা জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে সীতাকুণ্ডে যাচ্ছিলেন। ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকা অতিক্রম করার সময় ঢাকামুখী একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল মোমিন জানান, তেলবাহী লরিটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।