ঢাকা-কলকাতা ও ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচল করা তিনটি আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া আবার বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ভাড়া কার্যকর হবে ১৫ জুন থেকে। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় ট্রেনের টিকিটের মূল্য সমন্বয় করা হলো। এর আগে সর্বশেষ গত বছরের ১০ অক্টোবর আন্তঃদেশীয় ট্রেনগুলোর ভাড়া বৃদ্ধি করেছিল রেলওয়ে।
ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৯০০ টাকা। ১৫ জুন থেকে একটি এসি সিটের জন্য ৫ হাজার ১১০ টাকা ভাড়া আদায় করবে রেলওয়ে। একইভাবে ১৪০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৪০ টাকা।
ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা আরেক ট্রেন বন্ধন এক্সপ্রেসে বর্তমানে এসি সিটে ২ হাজার ৯৫০ টাকা ভাড়া আদায় করা হয়, যা ১৫ জুন থেকে ৩ হাজার ৫৫ টাকায় উন্নীত হবে। ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ারে ২ হাজার ৩৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।










