প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, ড্যানিশ কোম্পানি এপিএম টার্মিনালসের লালদিয়া টার্মিনালে বিনিয়োগ বাংলাদেশের বাণিজ্য ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা।

রোববার (১৭ নভেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মায়ার্স্ক গ্রুপ ও ড্যানিশ সরকারের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

এপিএম (এপি মোলার–মায়ার্স্ক) টার্মিনালসের মালিক মায়ার্স্ক গ্রুপের চেয়ারম্যান রবার্ট মায়ার্স্ক উগলা প্রতিনিধিদলটি নেতৃত্ব দেন। ডেনমার্কের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী নিনা গান্দলোসে হ্যানসেনও বৈঠকে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি ডেনমার্ক ও ইউরোপ থেকে আরো বড় ও বৈচিত্র্যময় বিনিয়োগের নতুন দুয়ার খুলে দিচ্ছে।’

আর এ বিষয়ে মায়ার্স্ক গ্রুপের চেয়ারম্যান উগলা বলেন, ২০৩০ সালে লালদিয়া টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে বড় আকারের জাহাজ আগমন সম্ভব হবে। এটি বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের গতি আনবে। আরো বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

বাংলাদেশে লজিস্টিকস ও সাপ্লাই চেইন খাতে অতিরিক্ত বিনিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং লাইন মালিক মায়ার্স্ক গ্রুপের চেয়ারম্যান।

বাংলাদেশে বিনিয়োগ করতে এগিয়ে আসায় উগলাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে লালদিয়া টার্মিনালের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশকে কোটি কোটি উৎপাদনমুখী কর্মসংস্থান তৈরি করতে হবে, অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুত্‌ফে সিদ্দিকী, পিপিপি অথরিটির সিইও ও বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও উপস্থিত ছিলেন। এছাড়া, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ও বাংলাদেশে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারও উপস্থিত ছিলেন।