সরকারি নির্দেশনা অনু্যায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি তদারকি করতে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় আকস্মিক সফর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বুধবার সকাল ৯টায় সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে তিনি এ আকস্মিক পরিদর্শনে যান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরিদর্শনের সময় দেখা গিয়েছে উপজেলা নির্বাহী অফিসার, সিংগাইর, মানিকগঞ্জসহ অন্য দফতরের প্রায় সব কর্মকর্তা-কর্মচারী তাদের নিজ নিজ দফতরে যথাসময়ে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত মতবিনিময়ে এলাকার সমস্যা, সম্ভাবনা ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচী বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা জানান, সৌহার্দ্যপূর্ণ টিম স্পিরিট নিয়ে তারা কাজ করছেন।










