কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ শওকত হোসেন, মুক্তিযোদ্ধা ঋষিকেশ বাবু, শিবপদ ঘোষ, খসরু আহম্মেদ, মল্লিক মোহাব্বাত, আব্দুল হাকিম, নজু মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বাগেরহাট জেলা সভাপতি মাসুম হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বাগেরহাট সদর উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত হোসেন বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। সেই বঙ্গবন্ধুর অবমাননা আমরা মুক্তিযোদ্ধারা সহ্য করব না। যুদ্ধ ছেড়ে দিয়েছি, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু প্রশিক্ষণ রয়েছে আমাদের। সোনার বাংলাদেশে আর একবার যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা হয়, তাহলে মুক্তিযোদ্ধারা বসে থাকবে না।
মৌলবাদীদের উচ্ছেদ করতে প্রয়োজনে বীর মুক্তিযোদ্ধারা আবারও ঝাঁপিয়ে পড়বেন বলেও হুঁশিয়ারি আসে একাত্তরের সূর্য সন্তানদের বক্তব্যে।










