প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান, ২০২৪’ নিয়ে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের বিষয়ে সব ধরনের সংবাদমাধ্যমে প্রচার গতকালই শুরুর পাশাপাশি নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, মজুদ, বিক্রিতে কঠোর নজরদারি চালাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন উপদেষ্টা। গতকাল সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ফরিদা আখতার এ নির্দেশনা দেন।










