ফিলিস্তিনের গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গসহ ১৭১ অধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। সোমবার (৬ অক্টোবর) ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ১৭১ অধিকারকর্মীকে উড়োজাহাজে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস, স্লোভাকিয়া, ফ্রান্স, ইতালি, ব্রিটেন ও মার্কিন নাগরিক রয়েছেন।

তাদের ফেরত পাঠানোর একটি ছবিও প্রকাশ করেছে ইসরায়েলি সরকার। সেখানে গ্রেটা থানবার্গকে একটি ধূসর ট্রানস্যুট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। বিমানবন্দর দিয়ে হেঁটে যাওয়ার সময় ছবিটি তোলা হয়েছে।

এর আগে গত সপ্তাহে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টির বেশি নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটকে দেয় ইসরায়েলি বাহিনী। তারা নৌযানগুলোয় থাকা প্রায় ৪৭০ অধিকারকর্মীকে আটক করে। পরে তাদের আশদোদ বন্দরে নেয়া হয় ও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। সোমবারের ১৭১ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট ৩৪১ অধিকারকর্মীকে ফেরত পাঠাল ইসরায়েল।

এদিকে ইসরায়েল থেকে ফিরে দেশটির বিরুদ্ধে বাজে আচরণের অভিযোগ করেছেন আটক অধিকারকর্মীরা। তবে এ অভিযোগ অস্বীকার করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলাকে ‘পিআর স্টান্ট’ বলে উল্লেখ করেছে। তারা আরো বলেছে, আটক অধিকারকর্মীদের আইনি অধিকার রক্ষা করা হয়েছে। বরং তারা ‘মিথ্যা প্রচার’ চালাচ্ছেন বলে অভিযোগ করেছে ইসরায়েল।