ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় প্রভাবকের ভূমিকা রেখেছে তরুণ ভোটার বিশেষ করে জেন-জি প্রজন্ম। গতকাল অনুষ্ঠিত নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের অধিকাংশই এবার প্রথম ভোট দিয়েছেন। রাজধানীর সিংহভাগ ভোট কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গুলশান, ধানমন্ডি, বনানী, ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে প্রথমবার ভোট দিতে আসা তরুণদের সন্তুষ্টি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
গতকাল দুপুরে সংসদ ভবনের বিপরীতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় নারী ভোটারদের লম্বা লাইন। তাদের বেশির ভাগই বয়সে তরুণ। প্রথমবার ভোট দিতে আসা মারিয়া তহুরা বলেন, জীবনের প্রথম ভোট, তাই ঠিকঠাকভাবে ভোট দেয়া নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে কেন্দ্রে এসে তা কেটে গেছে।’
ঢাকা-১৭ আসনের পুরুষ ভোটারদের একটি কেন্দ্র টিঅ্যান্ডটি উচ্চ বালক বিদ্যালয়। এ কেন্দ্রের ভোটারদের বড় একটি অংশ কড়াইল বস্তির বাসিন্দা। এখানে সকাল ও দুপুরে দুইবার গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। দুপুরে কড়া রোদেও স্কুলের ভেতরের লাইনটি মাঠ পেরিয়ে মূল ফটকের বাইরে চলে যায়। সেখানের তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ওই কেন্দ্রে কথা হয় জেন-জি ভোটার মো. মুন্না গাজীর সঙ্গে। তিনি প্রথমবার ভোট দিয়েছেন। মুন্না বণিক বার্তাকে বলেন, ‘এবারই প্রথম ভোট দিলাম। খুব ভালো লাগছে। সকাল থেকেই কেন্দ্রে ভিড় ছিল। নতুন ভোটাররা বেশ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। ভোট দিতে পেরে খুবই আনন্দিত।’
হাজারো মানুষের প্রাণ ও রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিদায় নেয়। শেখ হাসিনা সরকার তিনবার একতরফা ও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করেন। জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসন ব্যবস্থা বিলুপ্তির পর প্রথমবার উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মধ্যদিয়ে দেশবাসী এমন নির্বাচনী উৎসব করার সুযোগ পেয়েছেন বলেও মন্তব্য করেন অনেক তরুণ ভোটার।









