রাতের আঁধারে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। 

বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ঈদগা মাঠ এলাকায় বুধবার ভোর রাতে পরিত্যাক্ত অবস্থায় সাপের বিষ উদ্ধার করেন ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। 

বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান সরকার জানান, রাতের আঁধারে সীমান্ত এলাকা দিয়ে ভারতে সাপের বিষ পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। এ সংবাদের ভিত্তিতে ঘাসুড়িয়া ঈদগা মাঠ এলাকায় সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। পরে ওই এলাকা দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখে তাকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু না থেমে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করেন। এ সময় একটি বোতল ফেলে সে পালিয়ে যায়। 

পরে পরিত্যাক্ত অবস্থায় কাচের বোতলে থাকা সাপের বিষ উদ্ধার করা হয়। জব্দ করা ওই সাপের বিষের অনুমানিক মূল্য কোটি টাকার মতো দাবি করে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান সরকার জানান, পরীক্ষা-নিরীক্ষার জন্য রাতেই সাপের সেই বিষ জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘রাতে ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ সাপের বিষ উদ্ধার করেছে। এ বিষ আসল না নকল তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’