ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় রাজবাড়ীর তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাজবাড়ী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন তারা।
নিখোঁজ যাত্রীরা হলেন এলিনা ইয়াসমিন, আবু তালহা (২৪) ও চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৪)। এলিনা রাজবাড়ী শহরের নূরপুর গ্রামের সাইদুর রহমান বাবুর মেয়ে, আবু তালহা কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের আবদুল হক মণ্ডলের ছেলে ও চন্দ্রিমা চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চিত্তরঞ্জন প্রামাণিকের মেয়ে।
চন্দ্রিমার ভাই শোভন প্রামাণিক জানান, তার বোন একটি বেসরকারি বিদ্যালয় থেকে ফার্মাসিস্ট বিভাগে পড়ালেখা করে। তাদের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকে। কয়েকদিন আগে বাড়িতে বেড়াতে আসে। বেনাপোল এক্সপ্রেসের ‘চ’ নম্বর বগিতে ঢাকার উদ্দেশে রওনা দেয় সে। দুর্ঘটনার পর থেকে চন্দ্রিমা নিখোঁজ রয়েছে। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না।
আবু তালহার চাচাতো ভাই রিপন মাহমুদ জানান, তার দুই চাচাতো ভাই আবু তালহা ও আবু তাসলাম ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনার পর আবু তাসলাম ট্রেন থেকে নেমে যেতে পারলেও তালহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে রাজবাড়ীর স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, ‘যশোর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাজবাড়ী থেকে ৬৫ জনের মতো যাত্রী ট্রেনে গিয়েছিল।’










