গোপালগঞ্জে মিন্টু মিনা ওরফে কোটন (৪৮) নামে এক মোটরপার্টস ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে গোপালগঞ্জ সদর উপজেলার  ফকিরকান্দি  লেকপাড় সেতুর পাশ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিন্টু মিনা ওরফে কোটন গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকার মৃত আকতার মিনার ছেলে।  তিনি জেলা পরিষদের সামনে মোটরপার্টসের ব্যবসা করতেন।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ফকিরকান্দি লেকপাড় সেতুর পাশে ওই ব্যবসায়ীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, হত্যার রহস্য উদঘাটনে জেলা পুলিশের একাধিক টিম সরেজমিন তদন্ত শুরু করেছে।