নরসিংদীর মেঘনা নদীতে নৌকায় আনন্দ ভ্রমণে গিয়ে দেশীয় অস্ত্রসহ আটক হয়েছে কিশোর গ্যাংয়ের ৪৬ সদস্য। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার নজরপুরে শেখ হাসিনা সেতু এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেন।

কিশোর গ্যাংটির সদস্যরা নরসিংদী পৌর এলাকার কাউরিয়া পাড়া, শালিধা, মাধবদী থানাধীন চাঁন্দের পাড়া ও নজরপুর ইউনিয়নের বাসিন্দা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রইছ আল রেজুয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লকডাউন বাস্তবায়ন করতে শেখ হাসিনা সেতু ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় কিশোর গ্যাংয়ের ৪৬ সদস্য একটি ইঞ্জিনচালিত নৌকায় উচ্চৈঃস্বরে সাউন্ড বক্স বাজিয়ে মেঘনা নদীতে আনন্দ করছিল। ঘটনাটি নজরে এলে নৌকাটি আটক করার নির্দেশ দেয়া হয়। এ সময় তারা নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সহযোগিতায় নৌকাটি আটক করা হয়। নৌকার ভেতরে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, রডসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র পাওয়া যায়।

পরে  সাতজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেন। বাকি সদস্যদের বয়স কম হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড ও মুচলেকা রেখে তাদের পিতামাতার কাছে হস্তান্তর করা হয়।