বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন চারটি কারখানার শ্রমিক। গতকাল সকাল ৯টার পর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ এসব শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানায় প্রবেশ করে। এছাড়া গাছা থানার হাজীর পুকুর এলাকায় ফুল ইভার বিডি লিমিটেড নামক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশ বন্ধ থাকায় উত্তরা আব্দুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। বেলা ১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এছাড়া বেলা ২টার পর কালিয়াকৈর উপজেলার ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। টঙ্গীর নুভিস্তা ফার্মা লিমিটেড কারখানায়ও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, শ্রমিকরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। কারখানার কোনো কর্মকর্তা কাজে যোগ দেননি। তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।