মেঘনা নদীতে জাটকা ধরার দায়ে গতকাল চাঁদপুরে জেলা টাস্কফোর্সের অভিযানে ২৯ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বয়স কম হওয়ায় অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। আটককৃতদের অধিকাংশের বাড়ি মেঘনার পশ্চিমে সদর উপজেলার রাজরাজেশ্বরে।
অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বুধবার রাত ১০টা থেকে মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।










