দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনায় প্রধান আসামি আসাদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল আদালত।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় আসামি আসাদুল হককে (৩৫) দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঘোড়াঘাট আমলী আদালত-৭ এর বিচারক মো. মনিরুজ্জামান সরকারের আদালতে হাজির করা হয়। 

মামলার নতুন তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর ইমাম আবু জাফর আসামিকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন । বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন । 

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইসরাইল হোসেন জানান, বিকালে আসামি আসাদুল হককে আদালতে উপস্থাপন করা হয়। মামলাটি প্রথম থেকে ঘোড়াঘাট থানার পরিদর্শক মোমিনুল ইসলাম মামলার তদন্ত করছিলেন। পরবর্তীতে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্ত করা হয়। দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর মামলাটি তদন্ত করবেন।

দিনাজপুর ডিবি ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকারের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।